কামাল হোসেন নয়ন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ৯ জুন ২০২৬ রাত ১০:১৫:৫৮
চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় মানুষের ফ্রি চক্ষু চিকিৎসা
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের রামচন্দ্রপুরে দুই শতাধিক অসহায় ও দরিদ্র রোগীর জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। রামচন্দ্রপুর সাফিয়া আনা মিয়া স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এবং স্পৃহা বাংলাদেশ ফাউন্ডেশন প্রকল্পের আওতায় ভার্ড কামাল চক্ষু হাসপাতালের সহযোগিতায় এ সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৯ জুন) স্থানীয় আল-মদিনা নূরানী হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে ১৭০ জন রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়। এছাড়া ৩৫ জনের চশমার পাওয়ার পরীক্ষা এবং ২৩ জন ছানি রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়।
অনুষ্ঠানে রামচন্দ্রপুর সাফিয়া আনা মিয়া স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি মাস্টার মো. আবদুল ওয়াদুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাস্টার মো. আবদুল কাদেরের সঞ্চালনায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন ভার্ড কামাল চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মুহিব আসিফ, আবদুল জলিল মেম্বার, রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরী রানী পাল, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি একেএম শহিদুল আলম, মুহতামিম হাফেজ ফরিদ উদ্দিন, সমাজসেবক আবদুল হাকিম, ইতালি প্রবাসী মোহন মিয়া, শিক্ষক শহীদুল ইসলাম, ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মো. শাহজালাল, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মাসুদ, ফ্রান্স প্রবাসী নাঈমুল হাসান মামুন, ভার্ড কামাল চক্ষু হাসপাতালের সিনিয়র প্রোগ্রাম অর্গানাইজার মো. লালন উদ্দিন, প্রোগ্রাম অর্গানাইজার বকুল নমঃ, রিসেপশনিস্ট আওয়াল আলী ও ডাক্তার সহকারী রবিউল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন রামচন্দ্রপুর গ্রামের তরুণ সমাজের সদস্যরা।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাস্টার মো. আবদুল কাদের বলেন, “সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রবাসীদের সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।”
ফাউন্ডেশনের সভাপতি মাস্টার মো. আবদুল ওয়াদুদ বলেন, “বিনামূল্যের এই চক্ষু চিকিৎসা কার্যক্রম সফল করতে দেশ-বিদেশে অবস্থানরত অনেক মানবিক ব্যক্তি আর্থিক সহযোগিতা করেছেন। ফাউন্ডেশন ও গ্রামবাসীর পক্ষ থেকে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভকামনা জানাচ্ছি।”
উল্লেখ্য, ২০২৪ সালের ১ এপ্রিল প্রতিষ্ঠার পর থেকে রামচন্দ্রপুর সাফিয়া আনা মিয়া স্মৃতি ফাউন্ডেশন বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ এবং ঈদ উপলক্ষে অসহায় পরিবারের মধ্যে প্রয়োজনীয় সামগ্রী বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।