জসিম উদ্দিন, চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ মার্চ ২০২৬ রাত ০৭:১৭:২৬
চাঁদপুরে নিখোঁজের ৪ ঘণ্টা পর শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরের ফরিদগঞ্জে তারাবির নামাজ পড়তে ঘর থেকে বের হওয়ার পর নিখোঁজ হওয়া আট বছর বয়সী এক শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের প্রায় চার ঘণ্টা পর বাড়ির পাশের একটি বাঁশঝাড় থেকে তার মরদেহ পাওয়া যায়।
ঘটনাটি ঘটেছে ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের শোশাইরচর গ্রামে। নিহত রুবেল (৮) ওই গ্রামের মাইজের বাড়ির দিনমজুর আব্দুল কাদেরের ছোট ছেলে। সে স্থানীয় সানকিসাইর মাদ্রাসার নূরানি বিভাগের ছাত্র ছিল।
পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ মার্চ) ইফতারের পর রাত ৮টার দিকে রুবেল তারাবির নামাজ পড়তে ঘর থেকে বের হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। রাত ১০টার দিকে স্বজনেরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। সম্ভাব্য সব জায়গায় খুঁজেও সন্ধান না পেয়ে একপর্যায়ে এলাকাজুড়ে মাইকিং করা হয়।
পরে রাত পৌনে ১২টার দিকে বাড়ির পশ্চিম পাশের একটি বাঁশঝাড়ে টর্চলাইটের আলো ফেললে রুবেলের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। এ সময় শিশুটির গলায় আঘাতের চিহ্ন এবং নাক-মুখ দিয়ে রক্ত বের হতে দেখা যায়।
নিহত শিশুর বাবা আব্দুল কাদের ও মা পরান বেগম আহাজারি করতে করতে বলেন, “আমাদের কারও সঙ্গে কোনো শত্রুতা নেই। আমাদের নিষ্পাপ সন্তানকে কেন এমন নির্মমভাবে হত্যা করা হলো? সে কী অপরাধ করেছিল?” তারা জানান, তিন ভাইয়ের মধ্যে রুবেল ছিল সবার ছোট।
খবর পেয়ে বুধবার (১১ মার্চ) সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং নাক-মুখ দিয়ে রক্ত বের হয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।