মোঃ সিরাজুল ইসলাম, ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২ অক্টোবর ২০২৬ সকাল ১০:১৮:০২
ধামরাইয়ে নিসচা'র জনসচেতনতামূলক মাসব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন
দেশের জনপ্রিয় জাতীয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) ধামরাই উপজেলা শাখার উদ্যোগে সড়ক দখল মুক্ত প্রক্রিয়ার মাধ্যমে মাসব্যাপী জনসচেতনতা মূলক কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার ১লা অক্টোবর বিকেলে ধামরাই ঢুলিভিটা বাসস্ট্যান্ডে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। জানা গেছে, আসছে ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসকে উপলক্ষ করে সারাদেশে নিসচা সংগঠনের সকল শাখাগুলো সড়ক দুর্ঘটনা রোধকল্পে নানাবিধ পরিকল্পনা হাতে নিয়েছে। উক্ত কর্মকান্ডের ধারাবাহিকতায় নিসচা ধামরাই শাখার মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে বলে জানা যায়।
কর্মসূচির প্রথমদিনে নিসচা ধামরাই শাখার কার্যকরী সদস্য আল-ফাহাদ পরশের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন নিসচা ধামরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম।
এরপর উদ্বোধনী ঘোষণা করেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফাহিম শাহরিয়ার। এসময় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিআই এর নির্বাহী পরিচালক শামসুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার হাইওয়ে থানার ইন্সপেক্টর আসাদুর রহমান এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হক।
উক্ত কর্মসূচির উদ্বোধনকালে প্রথমে সচেতনতামূলক বিভিন্ন পরামর্শ প্রদান করেন আগত অতিথিরা এবং পরে সড়কে গণপরিবহনে সচেতনতা মূলক স্টিকার লাগানো ও লিফলেট বিতরণ করা হয়।
উদ্বোধনী বক্তব্যে ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফাহিম শাহরিয়ার বলেন সড়ক নিরাপত্তার সাথে মাদকের বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। আমরা বিভিন্ন সময়ে মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করি, সে সময় দেখা যায় দশজন মাদকাসক্তদের মধ্যে চারজনই হচ্ছে যানবাহন চালক-শ্রমিক। তাই মাদককে নির্মূল করা সম্ভব হলে দেখা যাবে দুর্ঘটনার সংখ্যা অনেকাংশে কমে আসবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসডিআই নির্বাহী পরিচালক শামসুল হক বলেন, নিরাপদ সড়ক চাই এটি সকলের চাওয়া এবং জাতীয় নিরাপদ সড়ক দিবসকে কেন্দ্র করে যে সকল উদ্যোগ নিয়েছে ধামরাই শাখা তা খুবই চমৎকার। আজকের এই মহৎ উদ্যোগে আমাকে থাকার ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। এছাড়াও তিনি বলেন সড়কে বিশৃঙ্খলা রোধকল্পে যা যা করা দরকার উপজেলা প্রশাসন তাই করবে কেউ যদি দখল বানিজ্য করে, চাঁদাবাজী করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হকের বক্তব্যে, তিনি জানান নিরাপদ সড়ক চাই ধামরাই উপজেলা শাখার কার্যক্রম আমি দীর্ঘদিন ধরে উপলব্ধি করছি। নিরাপদ সড়ক বাস্তবায়ন এটি প্রত্যেকের দায়িত্ব। বিশেষ করে যানবাহন চালক হেলপার দের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সচেতনতা মূলক ক্যাম্পেইনের মাধ্যমে সড়ক নিরাপত্তাকে আরো বেশি সচেষ্ট করতে হবে।
এছাড়াও উপস্থিত সাভার হাইওয়ে থানার ইন্সপেক্টর আসাদুর রহমান বলেন, সড়ক খুব ঝুঁকিপূর্ণ জায়গা তাই সবাইকে যার যার অবস্থান থেকে সচেতন হতে হবে। সড়কে শৃঙ্খলা আনায়নে উপজেলা প্রশাসনের সহযোগিতায় আমরা থানা পুলিশ অবশ্যই পাশে থেকে কাজ করব। কিন্তু আমাদের কাম্য হচ্ছে দুর্ঘটনা রোধ হউক আর যেনো কোনো প্রান না হারায় এতে শুধু ব্যক্তি নয় পরিবার ধ্বংস হয় তাই আসুন সড়ক দুর্ঘটনা রোধকল্পে আমরা সবাই মিলে এক সাথে কাজ করি।
উদ্বোধনী এই কর্মসূচির বিষয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা) ধামরাই উপজেলা শাখার সভাপতি মোঃ নাহিদ মিয়া বলেন, বাংলাদেশের সুপরিচিত একজন ব্যক্তি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেব। তারই নির্দেশনায় সারাদেশে এক যোগে মাসব্যাপী কর্মসূচি পালন করা হবে। এরই ধারাবাহিকতায় নিসচা ধামরাই শাখার মাসব্যাপী কর্মসূচি রয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে প্রেস ব্রিফিং ও সচেতনতামুলক লিফলেট বিতরণ, ট্রাফিক কার্যক্রম ও সচেতনতা প্রচার অভিযান, নিরাপদ সড়ক ব্যবস্থাপনার করণীয় সম্পর্কে ধামরাইয়ের গণমানুষের মতামত প্রহণ, সড়ক দুর্ঘটনোরোধকল্পে পরিবহন মালিক, শ্রমিক সংগঠন ও হাইওয়ে পুলিশের সাথে মতবিনিময় সভা, প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসার প্রধান শিক্ষক/অধ্যক্ষ/মোহতামিমদের নিয়ে আলোচনা সভা ও সচেতনতামূলক প্রচারাভিযান, বৃক্ষরোপন কর্মসুচী, ধামরাইয়ের সেরা ও সচেতন চালকদের সম্মাননা প্রদান, শিক্ষার্থীদের নিয়ে নিরাপদ সড়ক বাস্তবায়নে চিত্রা-অঙ্কন ও কুইজ আয়োজন করা, গুরুত্তপূর্ণ বাসস্ট্যান্ডে পাবলিক টয়লেটের ব্যবস্থা করা, ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকুত যানবাহনের শ্রেণী বিন্যাস ও পরিসংখ্যান নির্ণয়। তবে আমাদের মূল উদ্দেশ্য সড়ক দুর্ঘটনা রোধকল্পে সকল কর্মকান্ড বাস্তবায়নে রুপ দেওয়া।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে, আরও উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ, পরিবহন মালিক, শ্রমিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ প্রমুখ।