মোঃ শান্ত শেখ, টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ রাত ০৮:৪২:১০
সাতপাড়ে দুর্গাপূজার বিজয়া দশমীতে মেলা ও নৌকা বাইচের প্রস্তুতি সভা
গোপালগঞ্জের সাতপাড়ে শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে ঐতিহ্যবাহী মেলা ও নৌকা বাইচ আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় সাতপাড় বাজার সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবছরের মতো এবারও উৎসবমুখর পরিবেশে মেলা ও নৌকা বাইচ আয়োজনের উদ্যোগ নিয়েছে সাতপাড় বাজার কমিটি। সভায় ঐতিহ্য বজায় রেখে সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়।
সভায় সাতপাড় বাজার কমিটির সভাপতি জীবন বিশ্বাস ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৌশিক কিত্তনীয়া জানান, বিজয়া দশমীর সার্বজনীন আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে এবারও বাজার কমিটির উদ্যোগে সাতপাড় বাজারসংলগ্ন মধুমতি বিল রুট ক্যানেল নদীতে বর্ণাঢ্য নৌকা বাইচ অনুষ্ঠিত হবে।
প্রস্তুতিমূলক সভায় আরও উপস্থিত ছিলেন সাতপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি যুগল বিশ্বাস, ইউনিয়ন যুবদলের সভাপতি কার্তিক বিশ্বাস, বাজার কমিটির সাবেক সভাপতি পালু বিশ্বাস, সাবেক চেয়ারম্যান বাপি বিশ্বাস, ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য দীপংকর বিশ্বাস, যুব উন্নয়ন সংঘ ক্লাবের সভাপতি কমলেশ বিশ্বাস, হাটের ইজারাদার সেলিম ফকিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা।