মো. রনি শেখ, টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশ : ৯ মে ২০২৬ বিকাল ০৩:২৮:২৯
টঙ্গীবাড়ীতে শিক্ষার গুরুত্ব ও মানসম্মত শিক্ষা বিষয়ক আলোচনা সভা
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় শিক্ষার গুরুত্ব ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (৯ মে) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনরা অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি হলো শিক্ষা। বর্তমান যুগে মানসম্মত শিক্ষা ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক জ্ঞান অর্জন করলেই হবে না, তাদের নৈতিক শিক্ষা, প্রযুক্তি জ্ঞান ও মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ হতে হবে।
বক্তারা আরও বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। পাশাপাশি বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, আধুনিক শিক্ষাব্যবস্থা চালু করা এবং সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াত হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসীফ, উপজেলা প্রকৌশলী শাহা মোয়াজ্জেম হোসেন রাজু, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তানিয়া খাতুন, সহকারী শিক্ষা কর্মকর্তা শানজিদা আক্তার ও কাজল কর, মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার মো. হান্নানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।