মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৭ মে ২০২৬ রাত ০৭:৫৭:২৮
মৌলভীবাজারে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
মৌলভীবাজারের রাজনগরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
রোববার (১৭ মে) দুপুর ১টার দিকে মৌলভীবাজার-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের রাজনগর উপজেলার গোবিন্দবার্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রীকান্ত মালাকার (২৫) রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত সুশীল মালাকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুলাউড়াগামী একটি ট্রাকের সঙ্গে মৌলভীবাজারগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শ্রীকান্ত মালাকারের মৃত্যু হয়।
খবর পেয়ে রাজনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
ঘটনার পর ঘাতক ট্রাকচালক ট্রাক নিয়ে পালিয়ে যায়। পরে উপজেলার টেংরা ইউনিয়নের দেওয়ানদিঘির পাড় এলাকায় ট্রাকটি ফেলে রেখে চালক পালিয়ে যায় বলে জানা গেছে।
এ বিষয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল থানায় রাখা হয়েছে। নিহতের স্বজনরা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”