মো. বনি আমিন, মনপুরা (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬ বিকাল ০৪:১৫:০৭
মনপুরায় গাছ কাটতে গিয়ে আহত শ্রমিক, ফায়ার সার্ভিসের উদ্ধার
ভোলার মনপুরা উপজেলায় গাছ কাটতে গিয়ে জয়নাল আবদিন (৪৫) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তিনি উপজেলার হাজীর হাট ইউনিয়নের চরযতিন গ্রামের বাসিন্দা এবং আবদুর রহিম পাটওয়ারীর ছেলে।
মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে নিজ বাড়ির পাশে একটি রেইন ট্রি গাছের ডাল কাটার সময় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাছের ডাল কাটার একপর্যায়ে ভারসাম্য হারিয়ে কাটা অংশটি তার শরীরের ওপর পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।
খবর পেয়ে মনপুরা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। কিছু সময়ের চেষ্টায় তারা তাকে উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার কাজে বিদ্যুৎ অফিসের মই ব্যবহার করতে হয়েছে বলে জানা যায়।
মনপুরা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত লিডার ফিরোজ জানান, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি জয়নাল আবদিন গাছের ওপর আটকে আছেন। বড় মই না থাকায় উদ্ধার কাজে কিছুটা সময় লেগেছে। পরে বিদ্যুৎ অফিসের মই ব্যবহার করে তাকে উদ্ধার করা হয়।”
পরে সকাল ১১টা ৪৫ মিনিটে আহত জয়নাল আবদিনকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছে।
কর্তব্যরত চিকিৎসক জানান, তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন স্থানীয়রা।