কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:১১:১২
কোনাবাড়ীতে শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র অসন্তোষ
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ শ্রমিক ছাঁটাইয়ের ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ ও উত্তেজনা দেখা দিয়েছে। আকস্মিক এমন সিদ্ধান্তে চাকুরী হারানোর শঙ্কায় ও অনিশ্চয়তায় কারখানার প্রায় শতাধিক শ্রমিক।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৫ টার সময় মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় অবস্থিত ইসলাম গার্মেন্টস লিঃ এর ওভেন শাখায় এ ঘটনা
ঘটে।
কারখানা সূত্রে জানাযায়,আজ বিকেল ৫ টায় কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। কারখানায় কাজের স্বল্পতার কারনে ওভেন সেকশনের ১৩০ জন শ্রমিককে বাংলাদেশ শ্রম আইনের ২৬ ধারা মোতাবেক ছাঁটাই পূর্বক আজকেই পাওনাদি নেওয়ার জন্য জানায়।
ছাঁটাইকৃত শ্রমিকেরা উক্ত সিদ্ধান্তে ক্ষীপ্ত হয়ে প্রোডাকশন ম্যানেজারকে ধাক্কা দেয় এবং হাতাহাতি করে। ফ্যাক্টরী ছুটি প্রদান করলে অন্যান্য শ্রমিকরা চলে গেলেও ছাঁটাইকৃত ১৩০ জন শ্রমিক এখনো কারখানাতে অবস্থান করছে।
এ বিষয়ে জানতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিক ছাঁটাকে কেন্দ্র করে শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠে। শ্রম আইন অনুযায়ী ছাঁটাইকৃত ১৩০ জন শ্রমিকের পাওনায়াদি
পরিশোধ করা হবে বলে জানিয়েছেন কারখানা কর্তৃপক্ষ। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে জানান তিনি।