মো. শান্ত শেখ, টুঙ্গিপাড়া প্রতিনিধি:
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬ রাত ০৭:২০:১৭
সবাই মিলে নিরাপদ ও বাসযোগ্য এলাকা গড়ে তুলব: এসএম জিলানী
গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানী বলেছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় টুঙ্গিপাড়া-কোটালীপাড়াকে একটি নিরাপদ, সুন্দর ও বাসযোগ্য এলাকায় পরিণত করা হবে।
সোমবার রাতে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের ত্রিপল্লী গ্রামে আয়োজিত এক হিন্দু ধর্মীয় যাত্রাগান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “নির্বাচনের সময় আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম—একটি সাম্য, মানবিক, অসাম্প্রদায়িক, দুর্নীতিমুক্ত ও মাদকমুক্ত টুঙ্গিপাড়া-কোটালীপাড়া গড়ে তুলব। এজন্য আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন।”
তিনি আরও বলেন, “ভোটের মাধ্যমে যেভাবে আমাকে সহযোগিতা করেছেন, ভবিষ্যতেও সেই সমর্থন অব্যাহত রাখবেন। আমরা সবাই মিলে এই অঞ্চলকে শতভাগ নিরাপদ ও বাসযোগ্য করে তুলব।”
সনাতন ধর্মাবলম্বীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এমপি জিলানী বলেন, “আপনারা আমাকে যে সম্মান ও ভালোবাসা দিয়ে সংসদে পাঠিয়েছেন, সেই ঋণ শোধ করার দায়িত্ব এখন আমার। আপনাদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”
তিনি আরও বলেন, সব ধর্মীয় উৎসব যেন নির্বিঘ্নে, নিরাপদ পরিবেশে উদযাপন করা যায়, সে বিষয়ে তিনি সবসময় পাশে থাকবেন।
অনুষ্ঠানে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জেহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।