বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ২ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৪৮:৫৫
বগুড়ার সোনাতলায় লোহাগাড়া নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বগুড়ার সোনাতলা উপজেলার লোহাগাড়া নদী থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার দিগদাইড় ইউনিয়নের মূলবাড়ী গ্রাম এলাকার নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
সোনাতলা থানা পুলিশ জানায়, উদ্ধার হওয়া লাশটির মাথা থেকে পেট পর্যন্ত অংশ কঙ্কালে পরিণত হয়েছে এবং নিচের অংশ অর্ধগলিত অবস্থায় রয়েছে। শরীরের গঠন ও পরনের কাপড় দেখে মৃত ব্যক্তিকে নারী বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এক কৃষক ঘটনাস্থলে গিয়ে লাশটি দেখতে পান। পরে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হন। এরপর বিষয়টি পুলিশকে জানানো হয়। স্থানীয়রা আরও জানান, এর আগে ওই এলাকায় কোনও দুর্গন্ধ ছিল না।
পুলিশ জানায়, লাশটির পরিচয় শনাক্তে চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।