নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩ মার্চ ২০২৬ রাত ০৬:৫৫:৪৩
তারেক রহমানের নেতৃত্বে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে: ড. খন্দকার মারুফ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ দ্রুত এগিয়ে যাবে এবং একটি উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।
মঙ্গলবার দাউদকান্দি উপজেলার রায়পুর কেসি উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দাউদকান্দি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন অনুষ্ঠানের আয়োজন করে।
ড. খন্দকার মারুফ বলেন, সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণের পর গত ১৪ দিনে তারেক রহমানের বিভিন্ন পদক্ষেপে দেশবাসী আশাবাদী হয়ে উঠেছে। রাজধানীর যানজট কমাতে তিনি নিজ প্রটোকল শিথিল করে স্বল্প সংখ্যক গাড়ি ব্যবহার করছেন, যা নজিরবিহীন বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, সরকার শিগগিরই আলেম-ওলামাদের সম্মানি বৃদ্ধি, অসচ্ছল পরিবারকে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রদান, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ, দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি এবং পানিসেচ সুবিধা বাড়াতে খাল খনন কার্যক্রম শুরু করবে।
ড. মারুফ বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে জনগণ স্বস্তিতে থাকে। সরকার আইনের শাসন প্রতিষ্ঠা ও প্রশাসনের সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বদ্ধপরিকর। একটি দুর্নীতিমুক্ত, উন্নত ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
তিনি সাবেক মন্ত্রী ও এমপি বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের উন্নয়ন কর্মকাণ্ডের কথাও তুলে ধরে বলেন, তিনি পুনর্নির্বাচিত হওয়ায় এলাকার অবশিষ্ট উন্নয়ন কাজ বাস্তবায়ন করবেন।
ড. মারুফ আরও বলেন, বিএনপি একটি পরীক্ষিত গণতান্ত্রিক দল এবং জাতীয় স্বার্থের প্রশ্নে আপস করে না। “সবার আগে বাংলাদেশ”—এই নীতিতে দল পরিচালিত হয় বলে তিনি উল্লেখ করেন।
দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি নেতা নূর মোহাম্মদ সেলিম সরকার, জসিমউদ্দিন আহমেদ, আবদুস সাত্তার, পিটার চৌধুরী, মো. কামাল হোসেন, আরিফ মাহমুদ, এনামুল হক সফর তালুকদার, ভিপি শাহাবুদ্দিন ভূঁইয়া, শাহ আলম সরকার, রোমান খন্দকার, আনোয়ার হোসেন আনন্দ, আসিফ কবির, আবদুল বাসেদ, রিমন খন্দকার, মাসুদ পারভেজ ডালিম ও এস এম মিজান পাপ্পুসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে গৌরীপুর আঞ্চলিক বিএনপি কার্যালয়ে কুমিল্লা উত্তর জেলা জাসাস আয়োজিত এতিম ও দরিদ্রদের মাঝে ঈদের পোশাক বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. খন্দকার মারুফ হোসেন।