লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ৮ জুন ২০২৬ রাত ১০:৪০:৪৫
ধরলায় নিখোঁজের ৩০ ঘণ্টা পর দুই ভাইয়ের মরদেহ উদ্ধার
সোমবার (৮ জুন) দীর্ঘ অনুসন্ধান শেষে নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন মোগলহাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাওন (১৪) এবং নবম শ্রেণির শিক্ষার্থী সাব্বির (১৬)। তারা মোগলহাট বাজার এলাকার বাসিন্দা মোহাম্মদ হেলাল উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে শাওন, সাব্বির ও তাদের এক বন্ধু ধরলা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে তারা ভেসে যেতে শুরু করে। এ সময় তাদের বন্ধু কোনো রকমে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শাওন ও সাব্বির স্রোতের টানে নদীতে তলিয়ে যায়।
ঘটনার পর স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন।
টানা প্রায় ৩০ ঘণ্টার অনুসন্ধান শেষে সোমবার দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ মর্মান্তিক ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।