ওমর ফারুক সোহাগ,কক্সবাজার প্রতিনিধি:
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ রাত ১০:৪২:২৪
টেকনাফে নৌকা ডুবে নারী ও শিশুসহ নিহত ২, নিখোঁজ ১, উদ্ধার ১৬
কক্সবাজার টেকনাফে সাগরপথে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় একটি নৌকা ডুবে এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৮ বাংলাদেশি ও ৮ রোহিঙ্গাসহ ১৬ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। এখনো এক নারী নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া নৌকাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মিয়ানমার থেকে সাগরপথে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়। খবর পেয়ে কোস্ট গার্ড সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। এ সময় ৮ বাংলাদেশি ও ৮ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়। পরে তাঁদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
ওসি জানান, উদ্ধার অভিযানে এক নারী ও এক শিশুর মরদেহও উদ্ধার করা হয়েছে। নিখোঁজ নারীকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশের ভাষ্য, উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাঁরা প্রায় এক বছর আগে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন। পরে তারা সাগরপথে বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন।
নৌকাটি কী কারণে ডুবে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, নিহত নারী ও শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
এ ঘটনায় মানব পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।