মো. শান্ত শেখ, টুঙ্গিপাড়া প্রতিনিধি
প্রকাশ : ৭ মার্চ ২০২৬ রাত ১০:৩১:৩৬
গোপালগঞ্জে তীব্র জ্বালানি তেলের সংকট, বিপাকে পরিবহন ও জরুরি সেবা
গোপালগঞ্জ জেলায় তীব্র জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। গত দুই দিন ধরে জেলার অধিকাংশ ফিলিং স্টেশনে তেল সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন পরিবহন চালক ও সাধারণ মানুষ।
জানা গেছে, তেল সরবরাহ বন্ধ থাকায় অনেক পাম্পে কার্যত বিক্রি বন্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এতে জেলার পরিবহন চলাচলে প্রভাব পড়েছে এবং বিভিন্ন জরুরি সেবাও ব্যাহত হচ্ছে।
বিশেষ করে অ্যাম্বুলেন্স সেবায় এর প্রভাব বেশি পড়েছে। তেল না পাওয়ায় জেলার বিভিন্ন এলাকায় রোগী পরিবহনে সমস্যার সৃষ্টি হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে জ্বালানি সংকটের কারণে সড়কে দূরপাল্লার যানবাহনের চলাচলও অনেকটা কমে গেছে। পরিবহন চালকদের অভিযোগ, তারা এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরেও পর্যাপ্ত তেল পাচ্ছেন না।
তবে জেলার দু-একটি পাম্পে সীমিত পরিমাণে তেল সরবরাহ করা হচ্ছে। এসব পাম্পে তেল নেওয়ার জন্য চালকদের দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা গেছে।
এ পরিস্থিতিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদারকি করা হচ্ছে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, দ্রুত তেল সরবরাহ স্বাভাবিক হলে পরিস্থিতির উন্নতি হবে।