নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৪ মার্চ ২০২৬ রাত ০৬:৫৫:৪৩
মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এ ভর্তি প্রক্রিয়াকে ঘিরে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে। সরকারি নির্ধারিত ফি ছাড়াও কিছু অসাধু মধ্যস্বত্বভোগী কম্পিউটার ব্যবসায়ী চক্র গড়ে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।
জানা গেছে, টিটিসিতে ভর্তি হতে অনলাইনে আবেদন করতে হয়। এ প্রক্রিয়ায় আবেদনকারীরা বিভিন্ন কম্পিউটার দোকানের সহায়তা নিয়ে ফরম পূরণ করেন। অভিযোগ রয়েছে, সরকার নির্ধারিত ফি নেওয়ার কথা থাকলেও কিছু দোকানি অতিরিক্ত অর্থ আদায় করছেন।
একাধিক ভুক্তভোগী শিক্ষার্থী জানান, বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণ নিতে এসে তারা বিপাকে পড়েছেন। সরকার নির্ধারিত ভর্তি ফি ২০৪ টাকা হলেও অনলাইনে আবেদন সম্পন্ন করার নামে তাদের কাছ থেকে ৩৫০ টাকা নেওয়া হয়েছে। কেউ কেউ অভিযোগ করেন, অন্য শিক্ষার্থীদের কাছ থেকে ৯০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে।
এক শিক্ষার্থী বলেন, “আমরা সীমিত অর্থ নিয়ে দূরদূরান্ত থেকে এসেছি। সরকারি ফি নির্ধারিত থাকার পরও দ্বিগুণের বেশি টাকা নেওয়া হচ্ছে। শুরুতেই যদি এমন অনিয়ম হয়, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়?”
অভিযোগ রয়েছে, ভর্তি ফরম পূরণের সঙ্গে যুক্ত কিছু কম্পিউটার ব্যবসায়ী একটি সংঘবদ্ধ চক্র গড়ে তুলেছেন। পাসপোর্ট ও জন্মনিবন্ধনের ফটোকপি জমা নেওয়ার পাশাপাশি অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে বলেও দাবি করেছেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে স্থানীয় কয়েকজন কম্পিউটার ব্যবসায়ীর সঙ্গে কথা বলতে চাইলে তারা ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি।
মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র–এর অধ্যক্ষ মুহাম্মাদ দেলোয়ার হোসেন বলেন, “আমাদের প্রতিষ্ঠানে অতিরিক্ত ভর্তি ফি বা অনিয়ম সংক্রান্ত কোনো লিখিত অভিযোগ এখনো পাওয়া যায়নি। ভর্তি কার্যক্রম সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে পরিচালিত হয়। বাইরে কম্পিউটার দোকানে কেউ অতিরিক্ত ফি নিলে তা আমাদের সরাসরি নিয়ন্ত্রণে নেই। তবে এ ধরনের কোনো অভিযোগ লিখিতভাবে পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”