টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ রাত ০৬:২৯:৪৮
টুঙ্গিপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ-অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিনামূল্যে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে পাঁচটি ইউনিয়নে ক্ষতিগ্রস্ত ৬০ টি পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করেন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য এসএম জিলানী।
এসময় উপস্থিত ছিলেন, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম, সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী, উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
ইউএনও জহিরুল আলম বলেন, অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৫টি দুঃস্থ ও অসহায় পরিবারকে ১০ হাজার টাকা করে মোট ৩ লাখ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। এছাড়া আরও ২৫টি পরিবারকে বাড়িঘর পুনর্নির্মাণের জন্য ৬ হাজার টাকার চেক ও দুই বান্ডিল করে ঢেউটিন বিতরণ করা হয়েছে।