হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৬ বিকাল ০৫:৩৫:১৯
ডিসি অফিস প্রাঙ্গণে হামলার শিকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদী
হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে হামলার শিকার হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহাদী হাসান। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাহাদী হাসানের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে আহত অবস্থায় দেখা যায় এবং সেখানে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলা হয়।
এর আগে গত বুধবার দুপুরে শহরের বৃন্দাবন সরকারি কলেজের সামনে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে ছাত্রদলের কর্মীরা তাকে ধাওয়া করে বলে অভিযোগ করেন মাহাদী হাসান। পরিস্থিতি বেগতিক দেখে তিনি সদর থানায় আশ্রয় নেন বলে জানান।
তবে এ বিষয়ে ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মাহাদীর ওপর হামলার কোনো ঘটনা ঘটেনি। জেলা ছাত্রদলের এক নেতা বলেন, "মাহাদী হাসান নিজের গুরুত্ব বাড়াতে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন।সদর থানা পুলিশ জানিয়েছে, বুধবারের ঘটনার বিষয়ে তারা কোনো সত্যতা পায়নি। বৃহস্পতিবারের ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।