রুহুল আমিন কিবরিয়া, বগুড়া প্রতিনিধি:
প্রকাশ : ৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৫৩:৫৩
বগুড়া-৬ আসনের উপনির্বাচন: প্রস্তুতি সম্পন্ন, রাত পেরোলেই ভোটগ্রহণ
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে জেলায় বইছে উৎসবমুখর পরিবেশ। সকল প্রস্তুতি সম্পন্ন করে রাত পোহালেই শুরু হবে ভোটগ্রহণ।
বুধবার সকাল ১১টা থেকে শহরের সেন্ট্রাল স্কুল মাঠ থেকে কড়া নিরাপত্তার মধ্যে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়। শিল্পনগরী হিসেবে পরিচিত সদর উপজেলার ১৫১টি ভোটকেন্দ্রে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পেয়ে বিজয়ী হন। পরবর্তীতে তিনি দুটি আসনে জয়লাভ করায় নিয়ম অনুযায়ী একটি আসন ছেড়ে দিলে বগুড়া-৬ আসনটি শূন্য হয় এবং উপনির্বাচনের প্রয়োজন পড়ে।
প্রায় ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন ভোটারের এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা, জামায়াতের আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার।
নির্বাচনকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে পুরো উপজেলাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। মাঠে থাকছেন ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাদের সঙ্গে দায়িত্ব পালন করবেন প্রায় দেড় হাজার পুলিশ সদস্য ও ২ হাজার আনসার সদস্য।
এছাড়া নিরাপত্তা জোরদারে ডগ স্কোয়াডসহ ৮ প্লাটুন বিজিবি, ১০ প্লাটুন র্যাব এবং সেনাবাহিনীর বিশেষ স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা জায়েদ ইবনে আবুল ফজল জানান, “নির্বাচনে কোনো ধরনের কারচুপি বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।”