তামিম হোসেন সবুজ, বেনাপোল প্রতিনিধি:
প্রকাশ : ২১ মে ২০২৬ বিকাল ০৫:৫৭:৪৪
মানহানিকর প্রচারণা ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে শার্শায় যুবদলের মানববন্ধন
যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম. তমাল আহমেদ, সদস্য সচিব আনসারুল হক রানা এবং শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র, মানহানিকর প্রচারণা ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে যশোরের শার্শায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে শার্শা উপজেলা যুবদল ও স্থানীয় এলাকাবাসী।
বৃহস্পতিবার (২১ মে) বিকালে শার্শা উপজেলা পরিষদের সামনে যশোর-বেনাপোল মহাসড়কে আয়োজিত এ মানববন্ধনে উপজেলা যুবদলের নেতাকর্মী, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কর্মী-সমর্থক এবং স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে “ষড়যন্ত্র নয়, ন্যায়বিচার চাই”, “মিথ্যা অভিযোগ প্রত্যাহার করতে হবে” এবং “রাজনৈতিক হয়রানি বন্ধ করো”সহ বিভিন্ন স্লোগান দেন।
বক্তারা অভিযোগ করে বলেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে রাজনৈতিকভাবে সক্রিয় ও জনপ্রিয় নেতাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালাচ্ছে। স্থানীয় কয়েকটি পত্রিকা ও অনলাইন মাধ্যমে ভিত্তিহীন, একপেশে ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করে নেতাদের সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার অপচেষ্টা চালানো হচ্ছে বলেও দাবি করেন তারা।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে যশোর জেলা ও শার্শা উপজেলা যুবদলের নেতারা জনগণের অধিকার আদায়, গণতান্ত্রিক আন্দোলন এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে একটি কুচক্রী মহল মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে।
তাদের অভিযোগ, এসব অপপ্রচারের মাধ্যমে সংগঠনের ভিত দুর্বল করা এবং নেতাকর্মীদের মনোবল ভেঙে দেওয়ার অপচেষ্টা চলছে।
মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশ করে কাউকে দমিয়ে রাখা যাবে না। জনগণ সব বুঝে। যারা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে সামাজিক ও আইনি প্রতিরোধ গড়ে তোলা হবে।”
তারা অবিলম্বে প্রকাশিত মানহানিকর ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রত্যাহার, সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত এবং ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত নেতাকর্মীরা বলেন, “রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে মিথ্যা অভিযোগ ও অপপ্রচার এখন একটি অপসংস্কৃতিতে পরিণত হয়েছে। তবে জনগণ এখন সচেতন। মিথ্যা দিয়ে সত্যকে চাপা দেওয়া যায় না।”
কর্মসূচি চলাকালে যশোর-বেনাপোল মহাসড়কে কিছু সময় যান চলাচলে ধীরগতি সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।