মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার
প্রকাশ : ৯ এপ্রিল ২০২৬ রাত ০৭:২৬:০৫
মৌলভীবাজারে ১১ দলীয় জোটের লিফলেট বিতরণ কর্মসূচি
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার জেলা শহরে ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) বাদ আসর শহরের চৌমুহনা দেওয়ানী মসজিদের সামনে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন জোটের নেতাকর্মীরা।
লিফলেট বিতরণ কর্মসূচিতে জেলা পর্যায়ের বিভিন্ন দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী, জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলী, বাংলাদেশ খেলাফত মজলিশের জেলা জয়েন্ট সেক্রেটারি মাওলানা রহমত আলী, এনসিপির জেলা যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আলাউদ্দিন শাহ, পৌর আমীর হাফেজ মাওলানা তাজুল ইসলাম এবং সদর উপজেলা আমীর মো. ফখরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণের আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়নে সরকার কালক্ষেপণ করলে জনগণ রাজপথে নামতে বাধ্য হবে। তারা জানান, জোটের কর্মসূচি সফল করতে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড থেকে শুরু করে গ্রাম ও শহরের প্রতিটি মানুষের কাছে লিফলেট পৌঁছে দিতে হবে।
এ সময় আগামী ১২ এপ্রিল জেলা শহরে অনুষ্ঠিতব্য বিক্ষোভ মিছিল ও সমাবেশে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানান নেতৃবৃন্দ।
পরে শহরের চৌমোহনা পয়েন্টসহ বিভিন্ন এলাকায় দোকানপাট ও চলাচলরত যানবাহনের যাত্রীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।