মোঃ সিরাজুল ইসলাম ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:২২:৫৮
ধামরাইয়ে টানা ৪ রাতে ৪ বাসে অগ্নিসংযোগ, নিরাপত্তা জোরদারে ইউএনওর জরুরি বৈঠক
ঢাকার ধামরাইয়ে টানা চার রাতে চারটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় পরিবহন মালিক, শ্রমিক ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একের পর এক অগ্নিসংযোগের ঘটনায় পরিবহন খাতের নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। এ পরিস্থিতিতে নাশকতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিবহন মালিক ও নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল মামুন।
বুধবার (১১ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান, ধামরাই অঞ্চলের ট্রাফিক ইনচার্জ ফিরোজ প্রধান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ সিকদার এবং ডি-লিংক ও জনসেবা পরিবহনের কর্মকর্তারা।
বৈঠকে ইউএনও মোঃ আল মামুন পরিবহন মালিকদের উদ্দেশে বলেন, কোনো সড়কের পাশে কিংবা ফাঁকা জায়গায় অরক্ষিত অবস্থায় গাড়ি রাখা যাবে না। নির্দেশনা অমান্য করে কেউ যেখানে-সেখানে গাড়ি রাখলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট গাড়ি ডাম্পিং করা হতে পারে। মানুষের জানমাল ও পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, পরিবহন মালিকদের নিজ নিজ গাড়ি নিরাপদ স্থানে রাখতে হবে। পাশাপাশি রাতে গাড়ির নিরাপত্তায় পাহারার ব্যবস্থা করতে হবে। শুধু পাহারার ব্যবস্থা করলেই হবে না, নিজেদেরও সার্বক্ষণিক সজাগ ও সতর্ক থাকতে হবে, যাতে কোনো দুষ্কৃতকারী দেশের সম্পদ নষ্ট করার সুযোগ না পায়।
এ ছাড়া ধামরাইয়ের গুরুত্বপূর্ণ প্রতিটি বাসস্ট্যান্ড এলাকায় পরিবহন মালিকদের সমন্বয়ে পৃথক নিরাপত্তা কমিটি গঠনের পরামর্শ দেন তিনি। এসব কমিটির মাধ্যমে নিয়মিত নজরদারি ও পারস্পরিক সমন্বয় জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
টানা চার রাতে চারটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় পরিবহন খাতে যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে প্রশাসন ও পরিবহন মালিকদের সমন্বিত উদ্যোগ কতটা কার্যকর হয়, এখন সেটিই দেখার বিষয়। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত এসব ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় এনে ধামরাইয়ে স্বাভাবিক ও নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনবে প্রশাসন।