ওবায়দুর রহমান, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
প্রকাশ : ৭ এপ্রিল ২০২৬ রাত ০৬:৫৩:০১
ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আহত যুবকের ১৫ দিন পর মৃত্যু
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত মোবাইল ব্যবসায়ী মো. নাঈম শেখ (২৫) চিকিৎসাধীন অবস্থায় ১৫ দিন পর মারা গেছেন।
নাঈম শেখ উপজেলার ঘারুয়া ইউনিয়নের বাইলাকান্দা গ্রামের হাবিব শেখের ছেলে। তিনি ভাঙ্গা উপজেলার মালিগ্রাম বাজারের খালাসী মার্কেটে মোবাইল ব্যবসা করতেন।
জানা যায়, গত ২২ মার্চ (ঈদের দ্বিতীয় দিন) বিকেলে বন্ধুদের নিয়ে ঘুরতে বের হন নাঈম। এ সময় চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা মোড়ে তার নিজের মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়।
দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় তিনি মারা যান।
নাঈমের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যে গভীর শোক ও সহমর্মিতা প্রকাশ করা হয়েছে।