মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার
প্রকাশ : ১ মে ২০২৬ রাত ১০:৪০:৪০
‘টমটমের ভাড়া ১০ টাকা বৃদ্ধির শ্রমিকদের দাবির বিষয়টি বিবেচনা করা হবে’
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা শ্রমিক দলের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) বিকেলে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে এম নাসের রহমান বলেন, “বাংলাদেশ একটি জনবহুল দেশ এবং এখানে শ্রমজীবী মানুষের সংখ্যা বিশাল। সীমাবদ্ধতার মাঝেও তাদের বিভিন্ন চাহিদা পূরণ করতে হবে। বর্তমান সরকারের বয়স মাত্র আড়াই মাস; এই অল্প সময়ে সব দাবি পূরণ সম্ভব না হলেও আমরা পর্যায়ক্রমে শ্রমিকদের সকল ন্যায্য দাবি পূরণে আন্তরিকভাবে কাজ করবো।”
পরিবহন খাতে বীমার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “বিশ্বের প্রায় প্রতিটি দেশেই, এমনকি নেপাল ও শ্রীলঙ্কার মতো দেশেও বীমা ছাড়া কোনো যানবাহন রাস্তায় নামানো সম্ভব নয়। অথচ বাংলাদেশে এটি চরমভাবে উপেক্ষিত। ভারতে যেখানে বীমা খাতের প্রবৃদ্ধি ৭ শতাংশ, সেখানে বাংলাদেশে তা মাত্র ০.১৪ শতাংশ। ৫-৬ লাখ টাকা দিয়ে সিএনজি কিনলেও অনেক মালিক বীমা করতে আগ্রহী নন। অথচ বীমা থাকলে গাড়ি চুরি বা দুর্ঘটনার ক্ষেত্রে মালিক ও শ্রমিক উভয়েই আর্থিক নিরাপত্তা পেতেন।”
মৌলভীবাজার শহরের শ্রমিকদের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, শহরে পরিত্যক্ত জায়গা পাওয়া গেলে শ্রমিকদের জন্য নির্দিষ্ট কার্যালয় বা অফিসের ব্যবস্থা করা হবে। পাশাপাশি সিএনজি ও টমটমের আধিক্য নিরসনে সুশৃঙ্খল ব্যবস্থাপনার ওপর জোর দেন।
তিনি আরও বলেন, “দীর্ঘদিন পর শহরে চলাচলরত টমটমের ভাড়া ১০ টাকা বৃদ্ধির বিষয়ে শ্রমিকদের দাবির প্রেক্ষিতে বিষয়টি বিবেচনা করা হবে।”
জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম রশিকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল ওয়ালী সিদ্দিকী, আলহাজ মো. আব্দুল মুকিত, মো. ফখরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু এবং পৌর বিএনপির সভাপতি মো. অলিউর রহমান। এছাড়াও বিএনপি ও এর অঙ্গসংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।