হাবিব রহমান, জামালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬ বিকাল ০৪:১৭:১৯
মধ্যনগরে মহিষখলা স্মৃতিসৌধে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
সুনামগঞ্জের মধ্যনগরে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়।
বুধবার (২৫ মার্চ) সকাল ১১টায় মহিষখলা স্মৃতিসৌধে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় মুক্তিযোদ্ধা, তাদের সন্তান, রাজনৈতিক নেতা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
ঐতিহাসিক মহিষখলা স্মৃতিসৌধ মুক্তিযুদ্ধ চলাকালীন ১১ নম্বর সেক্টরের ১ নম্বর সাব-সেক্টর হিসেবে পরিচিত ছিল এবং এটি ছিল মুক্তিযোদ্ধাদের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি। এটি দেশের অন্যতম বৃহৎ স্মৃতিসৌধ হিসেবেও বিবেচিত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর নবী তালুকদার, প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার রায়, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া স্থানীয় সাংবাদিক মো. শফিকুল ইসলাম শফিক ও মো. কাইয়ুম বাদশাহ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাহী সদস্য মো. শফিকুল ইসলাম শফিক শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানে বক্তারা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, তাদের আত্মত্যাগ থেকেই স্বাধীন বাংলাদেশের জন্ম। “মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি”—এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার আহ্বান জানান তারা।
শেষে জীবিত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয় এবং স্থানীয় জনগণ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।