নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৭ মে ২০২৬ সকাল ১১:৫৭:৩৯
সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার নারীর গলাকাটা মরদেহ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে বর্ষা আক্তার নামে এক নারী গার্মেন্টস কর্মীর হাত-পা বাঁধা ও গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৬ মে বুধবার রাত পৌনে ১০টার দিকে পূর্ব নিমাইকাশারী এলাকার মামা-ভাগিনা গলিতে মুহিদুল ইসলামের বাড়ির একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বর্ষা আক্তার বাগমারা এলাকার মামুন ওরফে রুবেলের স্ত্রী বলে জানা গেছে।
নিহতের স্বজনরা জানান, দুইদিন ধরে বর্ষার মোবাইল ফোন বন্ধ থাকায় পরিবারের কেউ তার সাথে যোগাযোগ করতে পারছিলেন না। গতকাল বুধবার তার তালাবদ্ধ ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা বর্ষার মা ও বোনকে বিষয়টি জানান। খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ এসে তালা ভেঙে ঘরে প্রবেশ করে বর্ষার মুখ ও পা বাঁধা এবং গলাকাটা মরদেহ উদ্ধার করে।
পরিবারের সদস্যদের দাবি, বর্ষার স্বামী তাকে তালাক দেওয়ার পর দ্বিতীয় বিয়ে করলেও তাদের মধ্যে মাঝে মাঝে যোগাযোগ ছিল। তবে প্রায় দেড় মাস আগে স্বামীর প্রথম স্ত্রীকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়া ও দূরত্বের সৃষ্টি হয়। এই হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক কোনো বিরোধ রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।