মোঃ হাবিবুর রহমান
প্রকাশ : ১৯ মে ২০২৬ বিকাল ০৫:৫১:১০
সোনারগাঁয়ে ভূমি মেলার উদ্বোধন
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর সেবা পৌঁছে দিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ ভূমি মেলার উদ্বোধন করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত। মেলা আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান এবং কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনীমের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও আসিফ আল জিনাত।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আসিফ আল জিনাত বলেন, “অতীতে ভূমি ব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক ধারণা ছিল। মামলা-মোকদ্দমা, দালালচক্র, দীর্ঘসূত্রতা ও দুর্নীতির কারণে গ্রামের মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হতো। বর্তমান সরকার সেই পরিস্থিতির পরিবর্তন এনে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতে কাজ করছে।”
এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কানুনগো জাকির হোসেন, পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক শামিম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ মিঠুসহ সোনারগাঁ উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার ভূমি কর্মকর্তারা এবং সেবাগ্রহীতারা।