কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ৫ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৪৮:৩৮
চকরিয়ায় ভোক্তা অধিকারের অভিযান ৬ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা
মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে কক্সবাজারের চকরিয়ায় ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে চকরিয়া পৌরশহরের কাঁচাবাজার এলাকায় মুদি দোকান, ফলের দোকান, শিশুখাদ্যের পাইকারি দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আরিফুল ইসলাম, পৌরসভা স্যানিটারি ইন্সপেক্টর হায়দার আলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অভিযানে চকরিয়া পৌরসভা মগবাজারের আর রহমান বেকারিকে ৫০ হাজার টাকা, সাতকানিয়া স্টোরকে ৫ হাজার টাকা, কাঁচাবাজার সড়কের একটি ফ্রুটসের দোকানকে ৫ হাজার টাকা, আজাদ স্টোরকে ১০ হাজার টাকা, শাহ আমানত স্টোরকে ১০ হাজার টাকা এবং টিপু স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় সকল নির্দেশনা মেনে ব্যবসা পরিচালনা করার জন্য ব্যবসায়ীদের সতর্কতা করা হয়।
এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ বলেন, ভোক্তাদের অভিযোগকে গুরুত্ব দিয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।