কসবা আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১ এপ্রিল ২০২৬ রাত ০৬:২২:০১
আখাউড়া রেলওয়ে জংশনে তরুণীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে এক তরুণীকে উত্ত্যক্ত করার অভিযোগে জনি মিয়া (২৫) নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১ এপ্রিল) দুপুরে আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কফিল উদ্দিন মাহমুদ এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডিত জনি মিয়া নরসিংদী জেলার রায়পুর উপজেলার মুছাপুর ইউনিয়নের গৌরিপুর গ্রামের বাসিন্দা হোসেন মিয়ার ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আখাউড়া রেলওয়ে জংশনে অবস্থানকালে এক তরুণীকে উত্ত্যক্ত করেন জনি মিয়া। বিষয়টি নজরে এলে তাৎক্ষণিকভাবে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচার কার্য সম্পন্ন করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কফিল উদ্দিন মাহমুদ বলেন, নারীদের নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় প্রশাসন জিরো টলারেন্স নীতিতে অটল। রেলস্টেশনসহ জনসমাগমস্থলে যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
দণ্ডপ্রাপ্ত জনি মিয়াকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য রেলওয়ে পুলিশের হাজতে প্রেরণ করা হয়েছে।