নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১ মার্চ ২০২৬ বিকাল ০৫:৩০:১৮
১৬ টাকার লেবু ৮০ টাকায় বিক্রি: ৬ প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা
রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে মৌলভীবাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ১৬ টাকার লেবু ৮০ টাকায় বিক্রির অভিযোগে ৬টি প্রতিষ্ঠানকে মোট ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার দুপুরে সিলেট বিভাগের বৃহৎ পাইকারি লেবুর বাজার হিসেবে পরিচিত শ্রীমঙ্গল নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন। এ সময় বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রিসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান-সংশ্লিষ্ট সূত্র জানায়, রমজানকে কেন্দ্র করে লেবুসহ বিভিন্ন পণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায় কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করছিলেন। বিষয়টি নজরে আসার পর তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়।
উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি একটি বেসরকারি টেলিভিশনে এ সংক্রান্ত সংবাদ প্রচারের পর প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয় এবং পরবর্তীতে এ অভিযান পরিচালিত হয়। ভোক্তা অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।