ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৭:৪৬:৪৬
ধামরাইয়ে শিল্প-কারখানার মালিকদের সাথে স্থানীয় এমপির মতবিনিময়
ঢাকার ধামরাই উপজেলায় স্থাপিত শিল্প-কারখানার মালিক ও প্রতিনিধিদের সাথে স্থানীয় সংসদ সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলা অডিটোরিয়াম হল রুমে ধামরাই উপজেলা প্রশাসনের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ধামরাইয়ের কৃষি ও পরিবেশ সুরক্ষায় শিল্প-কারখানার বর্জ্য নিষ্কাশন, পয়োনিষ্কাশন এবং পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থাকরণ এবং শিশুশ্রম নিষিদ্ধকরণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা-২০ ধামরাই আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ। এসময় ধামরাই উপজেলার প্রায় ৫২টি শিল্প-কারখানার মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
অভিযোগ রয়েছে, ধামরাই এলাকায় স্থাপিত বেশ কিছু শিল্প-কারখানার নির্গত বিষাক্ত পানি ও বর্জ্য পরিশোধিত না করে সরাসরি গাজীখালী নদীতে ফেলা হচ্ছে। ফলে গাজীখালী নদীর পানি এতটাই দূষিত যে, পানি ব্যবহার তো দূরের কথা, মাছের বংশ পর্যন্ত ধ্বংস হচ্ছে। অপরদিকে নদীর পাশের মানুষগুলো পচা পানির দুর্গন্ধক্ষেপে অতিষ্ঠ হয়ে উঠেছে। এ ছাড়াও মশার উপদ্রবেও অতিষ্ঠ নদী পাড়ের মানুষগুলো। মতবিনিময় সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুন সাংবাদিকদের বলেন, এ উপজেলায় স্থাপিত ৫২টি শিল্প-কারখানার মালিক ও প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা হয়েছে। তিনি বলেন, প্রত্যেক কারখানার মালিককে ইটিপি ব্যবহারের কথা বলা হয়েছে। ইটিপি ব্যবহার না করলে তাঁদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।