মোঃ শান্ত শেখ, টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:২৮:৫১
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।
আজ বুধবার (২৯ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের টুঙ্গিপাড়া উপজেলার মালেকের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস মালেকের বাজার এলাকায় অতিরিক্ত গতিতে ওয়েলকাম পরিবহনের আরেকটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ২০ জন যাত্রী আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন এবং আহতদের হাসপাতালে পাঠান। আহতদের গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রাথমিকভাবে অতিরিক্ত গতি ও অসতর্ক ওভারটেকিংয়ের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।