কসবা-আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুন ২০২৬ রাত ০৭:৫৭:৪৯
কসবায় ১৯২ কেজি গাঁজা ও ৮,১১০ পিস ইয়াবা জব্দ
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ জুন রাত ১১টা ৪৫ মিনিটে কসবা থানার এসআই মোহাম্মদ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে কায়েমপুর ইউনিয়নের রাউৎখোলা দক্ষিণ-পশ্চিমপাড়া এলাকার একটি চাষের জমি থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ১৯২ কেজি গাঁজা এবং ৮ হাজার ১১০ পিস ইয়াবা ট্যাবলেট। উদ্ধারকৃত মাদকদ্রব্যের জব্দ তালিকা প্রস্তুত করে আইনানুগভাবে জব্দ করা হয়েছে।
কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা জানান, এ ঘটনায় অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
পুলিশের দাবি, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।