মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার
প্রকাশ : ১ মে ২০২৬ রাত ১০:০৩:৪৩
মৌলভীবাজারে পুলিশের ওপর হামলা ও ছাত্র হত্যা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার
মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের ওপর হামলা ও এক ছাত্র নিহতের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি জেলা যুবলীগের সহ-সভাপতি মবশ্বির আহমদকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১ মে) দুপুর ৩টার দিকে মৌলভীবাজার শহরের ‘বেঙ্গল ফুড’ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মৌলভীবাজার মডেল থানার এসআই গৌরাঙ্গ কুমার বর্মন ও এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা এবং পুলিশের ওপর আক্রমণের ঘটনায় মৌলভীবাজার মডেল থানায় একাধিক মামলা দায়ের করা হয়। মবশ্বির আহমদ ওই মামলাগুলোর এজাহারভুক্ত আসামি। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে। এছাড়া এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।