মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৯ মে ২০২৬ রাত ০৭:৪৩:২৪
স্ত্রী-সন্তান কানাডায় রেখে দ্বিতীয় বিয়ের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
মৌলভীবাজারে স্ত্রী-সন্তানকে কানাডায় রেখে স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ের অভিযোগ উঠেছে এক কানাডাপ্রবাসী ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মৌলভীবাজার মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তার স্ত্রী পারভিন তারাফদার।
১৮ মে দায়ের করা অভিযোগে জানা যায়, মৌলভীবাজার শহরের পুরাতন হাসপাতাল রোড এলাকার মৃত ইসহাক মিয়ার ছেলে হান্নান আহমেদের সঙ্গে ১৯৯৫ সালের ৪ ডিসেম্বর কানাডায় আইনগতভাবে পারভিন তারাফদারের বিয়ে হয়। এরপর তারা সন্তানসহ কানাডার ১২৬৯ ডেগেলামন ড্রাইভ, S4N 7N3 ঠিকানায় বসবাস করে আসছিলেন। তাদের কানাডিয়ান বিবাহ সনদের নম্বর ২১৯৯৫০৪২২৩২০০।
অভিযোগে বলা হয়, সম্প্রতি পারভিন তারাফদার জানতে পারেন, তার স্বামী অন্য নারীদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। কয়েক বছর আগে তার অজান্তে বাংলাদেশে আরেকটি বিয়েও করেন হান্নান আহমেদ। সে সময় পরিবার ও আত্মীয়স্বজন বিষয়টি সমাধানের চেষ্টা করেছিলেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, তিন থেকে চার মাস আগে হান্নান আহমেদ ওমরাহ পালন করতে যান এবং ভবিষ্যতে এমন কাজ আর করবেন না বলে স্ত্রীকে আশ্বাস দেন। কিন্তু বর্তমানে পারভিন তারাফদার নির্ভরযোগ্য সূত্রে জানতে পারেন, বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় ১৮ মে সন্ধ্যায় তিনি বাংলাদেশে আবারও বিয়ে করতে যাচ্ছেন।
একজন স্ত্রী ও সন্তানের মা হিসেবে স্বামীর এমন কর্মকাণ্ডে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে অভিযোগে উল্লেখ করেন এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে হান্নান আহমেদের ভাই মান্নান আহমেদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিষয়টি হান্নান আহমেদের ব্যক্তিগত। তার সঙ্গে সরাসরি কথা বলুন।” তবে হান্নান আহমেদের মোবাইল নম্বর চাইলে তিনি জানান, তার কাছে বাংলাদেশি নম্বর নেই।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”