মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬ রাত ০৯:৩১:৩০
সব নাগরিককে সমৃদ্ধির পথে নিতে হবে: এমপি এম নাসের রহমান
“দেশের প্রত্যেক নাগরিকের ধর্ম, বর্ণ, অবস্থান বা রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, সবাইকে সমৃদ্ধি ও স্বনির্ভরতার পথে এগিয়ে নিতে হবে”—এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে মৌলভীবাজারের রাজনগর উপজেলার চাটুরা এলাকায় শ্রী শ্রী মদন মোহন সেবাশ্রমের ‘সন্ত নিবাস’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বিএনপি চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশ গড়ার পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, ধর্মীয় ও মানবিক প্রতিষ্ঠান সমাজে সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান এবং সেবাশ্রমের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
তিনি আরও বলেন, রাজনগর উপজেলার ৮টি ইউনিয়নের নেতৃবৃন্দ জেনুইন দাবিদাওয়া নিয়ে তার কাছে আসতে পারেন। আগামী মাসে সুবিধাজনক সময়ে তিনি নিজে এসে এসব দাবি বাছাই করবেন। “যদি রাস্তার দাবি থাকে, রাস্তা দেওয়া হবে,” যোগ করেন তিনি।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সেবাশ্রমের নেতৃবৃন্দ, ভক্তবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা সেবাশ্রমের কার্যক্রম সম্প্রসারণ এবং ধর্মীয় চেতনা বিকাশে এ প্রতিষ্ঠানের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে ভক্তদের নিয়ে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয়দের মতে, এ ‘সন্ত নিবাস’ প্রতিষ্ঠার মাধ্যমে এলাকায় ধর্মপ্রাণ মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র গড়ে উঠবে।
এ সময় উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদার, রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন আহমেদ ভূইয়া, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মো. আবদুল মুকিত, অ্যাডভোকেট সুনীল কুমার দাশ, শ্যামলী সূত্র ধর, উপজেলা বিএনপির সভাপতি নূরুল ইসলাম শেলুন, সিনিয়র সহ-সভাপতি কবির মিয়া, সাধারণ সম্পাদক মো. আব্বাস আলী মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক এম এ হাকিম সুন্দর বক্স, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক রুপক চন্দ্র দেবসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং ভক্তবৃন্দ।