কিশোরগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬ বিকাল ০৫:০৮:০৪
পুষ্পস্তবক অর্পণ ও বিভিন্ন কর্মসূচিতে কিশোরগঞ্জে স্বাধীনতা দিবস উদযাপন
যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জ-এ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এরপর গুরুদয়াল সরকারি কলেজ মাঠসংলগ্ন স্মৃতিসৌধে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এতে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন, জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, সিভিল সার্জন ডা. অভিজিত শর্মাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং মুক্তিযোদ্ধারা অংশ নেন।
সকাল ৮টায় জেলা ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, জেলা কারাগার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিএনসিসি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে শিশুদের জন্য জেলার বিভিন্ন বিনোদন কেন্দ্র উন্মুক্ত রাখা হয়।
বাদ জোহর ও সুবিধাজনক সময়ে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনায় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির জন্য জেলার মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ সকল উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।
এদিকে দিবসটি উপলক্ষে শহরের প্রধান প্রধান সড়ক ও সড়ক দ্বীপগুলো জাতীয় পতাকা, ব্যানার ও বর্ণিল পতাকায় সজ্জিত করা হয়। হাসপাতাল, জেলা কারাগার, পাগলা মসজিদ, এতিমখানা ও সরকারি শিশু পরিবারে বিশেষ খাবার পরিবেশন করা হয়।