শফিকুজ্জামান সোহেল, গঙ্গাচড়া, রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৬ রাত ০৬:২৫:২০
গঙ্গাচড়ায় গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. হাবিবুর রহমানকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাব-১৩।
র্যাব-১৩ সূত্র জানায়, উপজেলার দক্ষিণ বেতগাড়ী এলাকায় গত ১৯ ফেব্রুয়ারি রাতে ওই গৃহবধূ নিজ বাড়িতে অবস্থানকালে হাবিবুর রহমান জোরপূর্বক ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগীর চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্তকে আটক করেন। তবে পরে তার স্বজনরা এসে তাকে ছিনিয়ে নিয়ে যায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী মো. সাইদুল ইসলাম বাদী হয়ে ২১ ফেব্রুয়ারি গঙ্গাচড়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে অভিযুক্ত আত্মগোপনে ছিলেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১০ জুন) রাত ২টা ১০ মিনিটে গঙ্গাচড়ার ধনতলা বাজারসংলগ্ন দক্ষিণ বেতগাড়ী এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত প্রধান আসামি হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।