শামীম আহমেদ জয়, মতলব উত্তর প্রতিনিধি
প্রকাশ : ৭ এপ্রিল ২০২৬ রাত ০৮:৫৭:২১
বাংলাদেশ কৃষি ব্যাংক ছেংঙ্গারচর শাখার শুভ উদ্বোধন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংঙ্গারচর বাজারে বাংলাদেশ কৃষি ব্যাংকের নতুন শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় কৃষক, ব্যবসায়ী ও সর্বস্তরের মানুষের ব্যাংকিং সেবা সহজলভ্য করতে এ শাখা চালু করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক কুমিল্লা বিভাগের মহাব্যবস্থাপক মো. ফাতেহ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগের নিরীক্ষা কর্মকর্তা প্রবীর কুমার দাস, চাঁদপুর জেলা শাখার মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ এবং কুমিল্লা বিভাগের উপ-মহাব্যবস্থাপক খন্দকার নাহিদ হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ছেংঙ্গারচর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসাইন মো. ইয়াসিন, মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে কৃষি খাতে সহজ শর্তে ঋণ প্রদান ও আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে বাংলাদেশ কৃষি ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নতুন এ শাখা চালুর ফলে ছেংঙ্গারচর ও আশপাশের এলাকার কৃষকরা সহজেই কৃষি ঋণ, সঞ্চয় ও অন্যান্য ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন।
তারা আরও আশা প্রকাশ করেন, এর মাধ্যমে স্থানীয় কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী প্রতিনিধি ও এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।