মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলা প্রতিনিধি
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৪৫:৪৯
নওগাঁয় দেশি অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, একটি ট্রাকসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বুধবার দুপুরে নওগাঁ সদর মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এ তথ্য জানান।
পুলিশ জানায়, ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকায় শহিদুলের ছমিলের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বাড়ি জয়পুরহাট ও বগুড়া জেলায়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সান্তাহার-নাটোর সড়কে রাত ৩টার দিকে ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র ও বিভিন্ন যানবাহন নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সাতজনকে আটক করা হয়। তবে তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেপ্তারদের কাছ থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন ট্রাক, একটি মোটরসাইকেল, একটি ব্যাটারিচালিত অটোভ্যান এবং আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা নিজেদের ডাকাত ও ছিনতাইকারী দলের সদস্য বলে স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় সড়কে ডাকাতি ও ছিনতাই করে আসছিল। এই গ্রেপ্তারের ফলে সড়কে ডাকাতির ঘটনা কমবে বলে আশা করছে পুলিশ।
পলাতক অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সংবাদ সম্মেলনে নওগাঁ সদর থানার ওসি (তদন্ত) প্রদীপ ব্যানার্জীসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।