কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১১ মে ২০২৬ রাত ০৮:২৯:৩১
অনুমোদনহীন মেলা বন্ধ করে দিলো জিএমপি ডিসি
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী আমবাগ এলাকায় অনুমোদনহীনভাবে বসানো একটি মেলা বন্ধ করে দিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। সোমবার (১১ মে) রাত ৮টার দিকে কোনাবাড়ী থানা পুলিশের একটি টিম গিয়ে মেলাটি বন্ধ করে দেয়।
সরেজমিনে দেখা যায়, গত ৬ মে কোনাবাড়ী থানাধীন আমবাগ তেঁতুলতলা মোড়ে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে এ মেলার আয়োজন করা হয়। মেলায় প্রায় ১৫ থেকে ২০টি দোকানের পাশাপাশি শিশুদের বিনোদনের জন্য একটি নৌকা, একটি ট্রেন, দুটি বক্সিং জোন ও শিশুদের বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা ছিল।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, ঈদের আগে এ ধরনের মেলা চলতে থাকলে তাদের ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়বে। এতে স্থানীয় দোকানিদের বেচাকেনা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তারা বলেন, মেলা বন্ধ না হলে পরিবার-পরিজন নিয়ে আর্থিক চাপে পড়তে হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার মেলাটি বন্ধ করার নির্দেশ দেওয়া হলেও প্রভাবশালীদের ছত্রছায়ায় মেলা পরিচালনা অব্যাহত রাখা হয়।
মেলা কমিটির সদস্য পরিচয় দেওয়া শাকিল নামের এক ব্যক্তি বলেন, “মেলার কোনো অনুমোদন নেই। তবে মোহাম্মদ আলী ভাই সবাইকে ম্যানেজ করে মেলা চালানোর চেষ্টা করছেন।”
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আমিনুল ইসলাম বলেন, “মেলাটির কোনো অনুমোদন দেওয়া হয়নি। বিষয়টি জানতে পেরেই মেলা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।”