নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬ দুপুর ০২:৫১:৩০
চট্টগ্রামের অর্কিড প্লাজায় অগ্নিকাণ্ডে নিহত ২
চট্টগ্রামের কোতোয়ালি থানার টেরিবাজারের কে. বি. অর্কিড প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে দুই দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে।
১৯ মার্চ বৃহস্পতিবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আরও দুজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন–পটিয়া উপজেলার বধুপুরা গ্রামের মোহাম্মদ ইয়াসিন খলিফার ছেলে ও পাকিজা টেইলার্সের কর্মচারী মোহাম্মদ ইউনুস (৫২) এবং একই উপজেলার পাঁচরিয়া গ্রামের মামুনুল কাদেরের ছেলে ও একটি জুতার দোকানের কর্মচারী মোহাম্মদ সোলায়মান (২৮)।
আহতরা হলেন–পাকিজা টেইলার্সের কর্মচারী মোহাম্মদ মামুন ও উদ্ধারকাজে অংশ নেওয়া মোহাম্মদ শাওন। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কে. বি. অর্কিড প্লাজায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় আক্রান্ত চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। এদের মধ্যে ইউনুস ও সোলায়মান নামে দুজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মূলত অতিরিক্ত ধোঁয়ায় শ্বাসরোধ হয়েই তাদের মৃত্যু হয়েছে।