কামাল হোসেন নয়ন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৬ বিকাল ০৫:৫২:৩৫
সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবে জামায়াত নেতাকর্মীদের: ডা. তাহের
জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এমপি বলেছেন, সমাজের কল্যাণে জামায়াত নেতাকর্মীদের নিজেদের বিলিয়ে দিতে হবে। দায়িত্বশীল ভূমিকা পালন, সাহসিকতা, আমানতদারিতা, ত্যাগের মানসিকতা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা এবং জনকল্যাণমূলক কাজে আত্মনিয়োগের মাধ্যমে সংগঠনের আদর্শ বাস্তবায়ন করতে হবে।
শনিবার (২০ জুন) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত আয়োজিত ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের বলেন, চৌদ্দগ্রামের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণ, শিক্ষার মানোন্নয়ন, সড়ক নির্মাণ ও সংস্কার, ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, একটি সুন্দর ও নিরাপদ চৌদ্দগ্রাম গড়ে তুলতে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সবাইকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইনের সঞ্চালনায় ডলি রিসোর্টে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা আমীর অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ ড. শফিকুল আলম হেলাল, চৌদ্দগ্রাম উপজেলার সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, পৌরসভা আমীর মাওলানা ইব্রাহীম প্রমুখ।
এছাড়া উপজেলা সহকারী সেক্রেটারি আব্দুর রহিম, পৌরসভা জামায়াতের নায়েবে আমীর কাজী ইয়াছিন, সেক্রেটারি মোশারফ হোসেন ওপেল, কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদিন পাটোয়ারী, ডা. মঞ্জুর আহমেদ সাকি, মাওলানা আবু বকর ছিদ্দিক, মাস্টার কামাল উদ্দিন মজুমদার, আবু তৈয়বসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক দায়িত্বশীল অংশ নেন। অনুষ্ঠানে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নেতাকর্মীদের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।