রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ৩ আগস্ট ২০২৬ রাত ০৭:৪৭:৩৫
মোকামতলায় ৭০০ কলাগাছ কেটে নষ্ট, কৃষকের প্রায় ৫ লাখ টাকার ক্ষতির অভিযোগ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকার শিবগঞ্জ সদর ইউনিয়নের উত্তর শ্যামপুর গ্রামে গভীর রাতে একটি কলাবাগানের প্রায় ৭০০টি ফলনশীল কলাগাছ কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে। এতে ক্ষতিগ্রস্ত কৃষক মহব্বত আলীর প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিনের শ্রম, সময় ও অর্থ বিনিয়োগ করে মহব্বত আলী প্রায় ৩ বিঘা জমিতে কলার আবাদ করেছিলেন। বাগানের অধিকাংশ গাছেই ফল ধরেছিল এবং অল্প কিছুদিনের মধ্যেই সেগুলো বাজারজাত করার পরিকল্পনা ছিল। কিন্তু শনিবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে একে একে প্রায় ৭০০টি কলাগাছ কেটে ফেলে।
রোববার সকালে বাগানে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় দেখে ভেঙে পড়েন কৃষক মহব্বত আলী। তিনি বলেন, “অনেক কষ্ট করে এই বাগান গড়ে তুলেছিলাম। কলা বিক্রি করে ঋণ পরিশোধ ও সংসারের খরচ চালানোর আশা ছিল। কারা এমন সর্বনাশ করল জানি না। আমি এর সুষ্ঠু বিচার চাই।”
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন এবং এ ঘটনার তীব্র নিন্দা জানান। তারা জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ক্ষতিগ্রস্ত কৃষক জানিয়েছেন, তিনি এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।
স্থানীয়দের ভাষ্য, একজন কৃষকের ফসল নষ্ট করা শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, কৃষি উৎপাদন ও গ্রামীণ অর্থনীতির ওপরও বড় ধরনের আঘাত। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।