কসবা আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬ দুপুর ১২:২৯:৪৩
আখাউড়া ব্যাটালিয়ন (৬০ বিজিবি)’র অভিযানে প্রায় ৮১ লক্ষ টাকার অবৈধ ভারতীয় শাড়ী আটক
সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) প্রায় ৮১ লক্ষ টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ী জব্দ করেছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মহাপরিচালকের নির্দেশনা— “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”—এর আলোকে সুলতানপুর ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি ২৭ মার্চ ২০২৬ তারিখ ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটে পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২০২৫/৫-এস শূন্য লাইন থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাউতলা নামক স্থানে এ অভিযান চালানো হয়।
অভিযানে সীমান্তবর্তী একটি খোলা মাঠে মজুদ অবস্থায় ৯৫৩ পিস উন্নতমানের অবৈধ ভারতীয় শাড়ী জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৮১,০০,৫০০ টাকা (একাশি লক্ষ পাঁচশত টাকা।
বিজিবি জানায় জব্দকৃত মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।