নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৩:১১
উড়াল সেতুতে মোটরসাইকেলে গাড়ির ধাক্কা, নিহত ৩
গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়াল সেতুর ওপর অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, একই পরিবারের তিনজন কোনাবাড়ী থেকে মোটরসাইকেলে চড়ে চন্দ্রার দিকে যাচ্ছিলেন। পথে সফিপুর উড়াল সেতুর ওপর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি তাঁদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
খবর পেয়ে নাওজোর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।
নাওজোর হাইওয়ে থানার ওসি মঞ্জুর মোর্শেদ বলেন, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা একই পরিবারের সদস্য। নিহতদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।