কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৫:১৯
বিএনপি নেতার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে যুবক গ্রেপ্তার
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য ছড়িয়ে ভয়ভীতি প্রদর্শন এবং ব্ল্যাকমেইলের মাধ্যমে এক বিএনপি নেতার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মো. আবির হোসেন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী বিসিক শিল্পনগরী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবির হোসেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পাইশূকা গ্রামের দুলাল মিয়ার ছেলে। তিনি বর্তমানে গাজীপুরের কোনাবাড়ী থানাধীন জরুন পিয়ারা বাগান এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি ‘কোনাবাড়ী বাসিন্দা’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন।
এ ঘটনায় কোনাবাড়ী থানা বিএনপির দপ্তর সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মামুনুর রশীদ মামুন বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দেন।
অভিযোগে মামুনুর রশীদ মামুন উল্লেখ করেন, আবির হোসেন ফেসবুকে তাকে নিয়ে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করে ব্ল্যাকমেইলের চেষ্টা করেন। একপর্যায়ে তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া আবিরের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি দেখানো ও হয়রানির আরও অভিযোগ রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে স্বতন্ত্রভাবে নিশ্চিত হওয়া যায়নি।
অভিযুক্তের ভাই আরিফের বিরুদ্ধেও মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলে মামলার বাদী ও স্থানীয়দের দাবি। তবে এ অভিযোগেরও স্বাধীন কোনো সত্যতা পাওয়া যায়নি।
কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল মালেক জানান, বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে কোনাবাড়ী থানায় মামলা করা হয়েছে। অভিযুক্ত আবির হোসেনকে গ্রেপ্তার করে সোমবার আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়গুলো তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।