ছাতক উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ৯ মার্চ ২০২৬ রাত ০৯:২২:৫২
ছাতকে অভিযানে মোটরসাইকেলসহ ভারতীয় ক্রীম ও বিপুল পণ্য উদ্ধার, আটক ২
সুনামগঞ্জের ছাতকে চোরাচালানবিরোধী পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ক্রীম, পেস্তা বাদাম, মসলা ও অন্যান্য চোরাচালান পণ্যসহ দুইজনকে গ্রেফতার করেছে ছাতক থানা পুলিশ। এ সময় একটি মোটরসাইকেল ও একটি ডিআই পিকআপ গাড়িও জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৯ মার্চ) ছাতক থানার পৃথক দুটি মামলার ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
ছাতক থানার মামলা নং-১৫(০৩)২৬ এর এজাহারভুক্ত আসামি আব্দুল করিম (২৬), পিতা- রইয়ব আলী, সাং- সোনার বাংলা-৩৭, পশ্চিম কাজলশাহ, থানা- সিলেট সদর, জেলা- সিলেটকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১ হাজার ৩৮০ পিস ভারতীয় ক্রীম উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২ লাখ ৭৬ হাজার টাকা। পাশাপাশি একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
অপরদিকে, ছাতক থানার মামলা নং-১৭(০৩)২৬ এর এজাহারভুক্ত আসামি মো. জুয়েল আহমদ (২৮), সাবেক ইউপি সদস্য, পিতা- হুশিয়ার আলী, মাতা- নেওয়ারুন্নেছা, সাং- রামপুর, ৮নং ওয়ার্ড, ইউপি- কালারুকা, থানা- ছাতক, জেলা- সুনামগঞ্জকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৯৬ কেজি পেস্তা বাদাম, ১০০ প্যাকেট (৫০ কেজি) AJNAIN মসলা, ৫০ কেজি গুয়ামৌরি প্যাকেট এবং ১ হাজার পিস BETNOVATE ক্রীম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য ৯ লাখ ৪০ হাজার টাকা। অভিযানে একটি ডিআই পিকআপ গাড়িও জব্দ করা হয়।
পুলিশ জানায়, পৃথক দুটি মামলায় উদ্ধারকৃত পণ্যের মোট আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ ১৬ হাজার টাকা।
গ্রেফতারকৃত দুই আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, সীমান্ত এলাকা দিয়ে অবৈধ চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।