মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬ রাত ১০:৫৩:৫১
কমলগঞ্জে ট্রাক-বাস সংঘর্ষ, আহত ২
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মুরগিবাহী একটি ট্রাক সড়ক দুর্ঘটনার শিকার হয়ে প্রায় ৩৫০টি মুরগি মারা গেছে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সোমবার (২০ এপ্রিল) ভোরে উপজেলার শ্রীমঙ্গল সড়কের ভানুগাছ চৌমুহনী সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোবারক হোসেন (৩৭) ও সানি আহমেদ (২৬) নামে দুই মুরগি সরবরাহকারী আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের ভৈরব মেঘনাঘাট এলাকার ‘সোহেল মিয়ার জিদান বয়লার হাউজ’ থেকে সিলেটের বিয়ানীবাজারের উদ্দেশ্যে ৯৫০টি লেয়ার মুরগি নিয়ে একটি ট্রাক রওনা দেয়। ভোর ছয়টার দিকে ট্রাকটি ভানুগাছ বাজার অতিক্রমকালে চালকের চোখে ঘুম চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি বাসের পেছনে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় ট্রাকে থাকা প্রায় ৩৫০টি মুরগি মারা যায়। সরবরাহকারীদের দাবি, এতে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
আহত মোবারক হোসেন ও সানি আহমেদকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা ভৈরব উপজেলার চন্দিবেথ দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।
মুরগি সরবরাহকারী মোবারক হোসেন অভিযোগ করেন, দুর্ঘটনার পর কিছু স্থানীয় ব্যক্তি ট্রাক থেকে মুরগি লুট করে নিয়ে যায়, ফলে ক্ষতির পরিমাণ আরও বেড়ে গেছে।
খবর পেয়ে কমলগঞ্জ থানার এএসআই আলামিন মিয়ার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।