মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬ রাত ০৮:৩৯:৪৮
ছেংগারচর সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পবিত্র মাহে রমজান উপলক্ষে ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিহা মনি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে ছাত্রদল, যুবদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, ছেংগারচর পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাজিবুল ইসলাম রাজিব, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান, যুবদল নেতা বাবু খান, কলেজ ছাত্রদলের আহ্বায়ক জিয়াউল ইসলাম সরকার তুষার, সাবেক আহ্বায়ক আবদুর রহমান মুন্না, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সজিব আল ফালাক, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজিম, জহিরাবাদ ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক খবির মিয়াজী, যুবদল নেতা রনি পাটোয়ারী প্রমুখ।
ইফতার পূর্ব আলোচনায় ছাত্রদল নেত্রী নিহা মনি বলেন, চাঁদপুর–২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বকে শক্তিশালী করতে ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
বক্তারা রমজানের পবিত্রতা রক্ষা, সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করা এবং আগামী দিনের কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
ইফতারের আগে অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয় এবং ইফতার শেষে নেতাকর্মীরা দেশ ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।