মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬ রাত ০৯:২২:১৫
বড়লেখায় ডাকাতির চেষ্টা: সহযোগীর গুলিতে নিহত এক ডাকাত
মৌলভীবাজারের বড়লেখায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টাকালে নিজেদের ছোড়া গুলিতে এক ডাকাত নিহত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের দক্ষিণ লঘাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম ওরফে ছয়ফুল (৩২) সিলেটের বিয়ানীবাজার উপজেলার নন্দীরফল গ্রামের ফজলুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ লঘাটি গ্রামের যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে তার অনুপস্থিতিতে আত্মীয় গিয়াস উদ্দিন পরিবারসহ বসবাস করতেন। গভীর রাতে ভারী বর্ষণের সুযোগে একদল সংঘবদ্ধ সশস্ত্র ডাকাত রান্নাঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশের চেষ্টা চালায়। দরজা ভাঙার শব্দে পরিবারের সদস্যরা জেগে ওঠেন।
এ সময় গিয়াস উদ্দিন দরজার গ্রীল ধরে প্রতিরোধ গড়ে তোলেন এবং পরিবারের সদস্যদের ফোনে খবর দিতে ও আশপাশের লোকজনকে সতর্ক করতে চিৎকার শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গিয়ে ডাকাত দলের এক সদস্য গিয়াস উদ্দিনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে অন্ধকারে ছোড়া সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে একই দলের সদস্য সাইফুল ইসলামের মাথায় গিয়ে লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরিস্থিতি বেগতিক দেখে অন্যান্য ডাকাতরা গুলিবিদ্ধ সঙ্গীকে ফেলে দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে মঙ্গলবার সকালে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।